Friday, August 25, 2017

সুখে থাকো আর সুখী করো সবে

সুখে থাকো আর সুখী করো সবে,
তোমাদের প্রেম ধন্য হোক ভবে॥
মঙ্গলের পথে থেকো নিরন্তর,
মহত্ত্বের 'পরে রাখিয়ো নির্ভর--
ধ্রুবসত্য তাঁরে ধ্রুবতারা কোরো সংশয়নিশীথে
সংসার-অর্ণবে॥
চিরসুধাময় প্রেমের মিলন
মধুর করিয়া রাখুক জীবন,
দুজনার বলে সবল দুজন
জীবনের কাজ সাধিয়ো নীরবে॥
              কত দুঃখ আছে, কত অশ্রুজল--
প্রেমবলে তবু থাকিয়ো অটল।
তাঁহারি ইচ্ছা হউক সফল বিপদে
সম্পদে শোকে উৎসবে॥
-
রাগ: কীর্তন
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২০ বৈশাখ, ১২৯৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ২ মে, ১৮৮৯
রচনাস্থান: খিরকী, পুনে

দুটি প্রাণ এক ঠাঁই তুমি তো এনেছ ডাকি

দুটি প্রাণ এক ঠাঁই তুমি তো এনেছ ডাকি,
শুভকার্যে জাগিতেছে তোমার প্রসন্ন আঁখি॥
এ জগতচরাচরে বেঁধেছ যে প্রেমডোরে
সে প্রেমে বাঁধিয়া দোঁহে স্নেহছায়ে রাখো
ঢাকি॥
তোমারি আদেশ লয়ে সংসারে পশিবে দোঁহে,
তোমারি আশিস বলে এড়াইবে মায়ামোহে।
সাধিতে তোমার কাজ         দুজনে চলিবে আজ,
হৃদয়ে মিলাবে হৃদি তোমারে হৃদয়ে রাখি॥
-
রাগ: সাহানা
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

উজ্জ্বল করো হে আজি এ আনন্দরাতি

উজ্জ্বল করো হে আজি এ আনন্দরাতি
বিকাশিয়া তোমার আনন্দমুখভাতি।
সভা-মাঝে তুমি আজ বিরাজো হে রাজরাজ,
আনন্দে রেখেছি তব সিংহাসন পাতি॥
সুন্দর করো, হে প্রভু, জীবন যৌবন
তোমারি মাধুরীসুধা করি বরিষন।
লহো তুমি লহো তুলে তোমারি চরণমূলে
নবীন মিলনমালা প্রেমসূত্রে গাঁথি॥
মঙ্গল করো হে, আজি মঙ্গলবন্ধন
তব শুভ আশীর্বাদ করি বিতরণ।
বরিষ হে ধ্রুবতারা, কল্যাণকিরণধারা--
দুর্দিনে সুদিনে তুমি থাকো চিরসাথী॥
-
রাগ: ভূপালী
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ বৈশাখ, ১৩০৩
রচনাকাল (খৃষ্টাব্দ): 1896

দুইটি হৃদয়ে একটি আসন

দুইটি হৃদয়ে একটি আসন পাতিয়া বসো হে হৃদয়নাথ।
কল্যাণকরে মঙ্গলডোরে বাঁধিয়া রাখো হে দোঁহার হাত॥
প্রাণেশ, তোমার প্রেম অনন্ত   জাগাক হৃদয়ে
চিরবসন্ত,
যুগল প্রাণের মধুর মিলনে করো হে করুণনয়নপাত॥
সংসারপথ দীর্ঘ দারুণ, বাহিরিবে দুটি পান্থ
তরুণ,
আজিকে তোমার প্রসাদ-অরুণ   করুক প্রকাশ নব
প্রভাত।
তব মঙ্গল, তব মহত্ত্ব,   তোমারি মাধুরী, তোমারি
সত্য--
দোঁহার চিত্তে রহুক নিত্য নব নব রূপে দিবস-রাত॥
-
রাগ: সাহানা
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1304
রচনাকাল (খৃষ্টাব্দ): 1898
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

পাখি, তোর সুর ভুলিস নে --

পাখি, তোর সুর ভুলিস নে--
আমার প্রভাত হবে বৃথা
জানিস কি তা।
অরুণ-আলোর করুণ পরশ
গাছে গাছে লাগে,
কাঁপনে তার তোরই যে সুর
জাগে--
তুই ভোরের আলোর মিতা
জানিস কি তা।
আমার জাগরণের মাঝে
রাগিণী তোর মধুর বাজে
জানিস কি তা।
আমার রাতের স্বপন-তলে
প্রভাতী তোর কী যে বলে
নবীন প্রাণের গীতা
জানিস কি তা॥
-
রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1347
রচনাকাল (খৃষ্টাব্দ): ডিসেম্বর, ১৯৪০

প্রভাত হইল নিশি কানন ঘুরে

প্রভাত হইল নিশি কানন ঘুরে,
বিরহ-বিধুর হিয়া মরিল ঝুরে।
ম্লান শশী অস্ত গেল ম্লান হাসি মিলাইল
কাঁদি উঠিল প্রাণ কাতর সুরে।
চল্ সখী চল্ তবে ঘরেতে ফিরে
যাক ভেসে ম্লান আঁখি নয়ন-নীরে।
যাক ফেটে শূন্য প্রাণ, হোক্ আশা অবসান,
হৃদয় যাহারে ডাকে থাক্ সে দূরে।
-
রাগ: বিভাস-কালাংড়া
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর,
ইন্দিরা দেবী

Thursday, August 24, 2017

আমি রূপে তোমায় ভোলাব না

আমি রূপে তোমায় ভোলাব না,
ভালোবাসায় ভোলাব।
আমি হাত দিয়ে দ্বার খুলব না গো,
গান দিয়ে দ্বার খোলাব॥
ভরাব না ভূষণভারে,
সাজাব না ফুলের হারে–
প্রেমকে আমার মালা করে গলায়
তোমার দোলাব॥
জানবে না কেউ কোন্ তুফানে তরঙ্গদল
নাচবে প্রাণে,
চাঁদের মতো অলখ টানে
জোয়ারে ঢেউ তোলাব॥
.
রাগ: কীর্তন
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1317
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার